টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. সাদিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত সাদিয়া ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী বকলবাড়ি এলাকার মো. আবু সাঈদের মেয়ে। তিনি পার্শ্ববর্তী শাহীন স্কুল, ধনবাড়ী শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সাদিয়া বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথে ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-২০- ১৫৪৬) তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিকআপটি থানায় নিয়ে যায়। এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, “রবিবার সকালে খাদ্যগুদাম এলাকার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
ঘটনার খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী নিহত সাদিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।











