টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়িতে অবস্থিত শান্তিনিকেতনে মৃন্ময়-এর উদ্যোগে ত্রৈমাসিক সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা ‘কথা ও সুর’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) কবিতা, গান ও আলোচনায় মুখরিত হয়ে ওঠে মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা শান্তি নিকেতনের প্রাঙ্গণ।
মৃন্ময়-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও রম্যলেখক ডা. শহীদুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সময়ের সাহিত্যকণ্ঠ’-পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল, নাট্যজন আলী হাসান ও রনলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইদ্রিস হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বকতব্য দেন ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক ও বাচিকশিল্পী অটল শরিয়ত উল্লাহ এবং সাবেক পৌর সচিব ও সাংস্কৃতিক কর্মী প্রতাপ কর্মকার প্রমুখ। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল কাঠের তৈরি নান্দনিক সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ‘কাঠ পল্লব’-এর উদ্বোধন। এটি উদ্বোধন করেন খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ও কবি আযাদ কামাল।
বাচিকশিল্পী কবি হারুন অর রশীদ এবং কবি ও সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আলী হাসান, হারুন অর রশীদ, ডা.শহীদুর রহমান শাহীন, ইদ্রিস হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, অটল শরিয়ত উল্লাহ, ফারুক হোসেন, আঁখি ভূঁইয়া, মেহেদী হাসান, ফরহাদ হোসেন, ফাহিমা ও মিঠি।
সংগীত পরিবেশন করেন মো. মহি উদ্দিন, মেহেদী হাসান, জসীম উদ্দিন, বিশ্বজিৎ চক্রবর্তী, জুলহাস উদ্দিন, খন্দকার লিটন, দিপু কর্মকার, আসাদুজ্জামান, জোয়াহের আলী, শীতল, রানা, মিজানুর রহমান শুভ, ইব্রাহিম, মেঘা, অপু ও স্বর্ণা।
সাহিত্য, সংগীত ও সংস্কৃতির সম্মিলনে আয়োজিত এ আড্ডা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে। আয়োজক ও অতিথিদের প্রত্যাশা, ‘কথা ও সুর’-এর মতো নিয়মিত আয়োজন স্থানীয় সাহিত্য-সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সৃজনশীল মানুষদের পারস্পরিক যোগাযোগ, ভাববিনিময় ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।










