ঘাটাইলে ‘শিশুর বিকাশে আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে এভারগ্রিন মডেল স্কুল এবং একই সাথে প্লে শ্রেণির ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে। যেখানে ঘাটাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণের উপস্থিতিতে পুরো স্কুল প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (১ নভেম্বর) সকালে সকালের সোনালী রোদে মুখরিত হয়ে ওঠা এই আয়োজনে যোগ দিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণিপেশার মানুষ। যারা নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটির শুভযাত্রা প্রত্যক্ষ করতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেন এবং অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন রেজাউল করিম। এরপর পর অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এ সময় উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে ক্ষুদে শিল্পী জান্নাতুল মাওয়া তানহা ও তার বোন লামহা যারা অত্যন্ত সুন্দর ও সুরেলা কণ্ঠে গান ও জাতীয় সংগীত পরিবেশন করে পুরো পরিবেশকে এক অন্যরকম সাংস্কৃতিক আমেজে ভরিয়ে তোলে। তাদের এই মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকল অতিথিদের প্রাণে গভীর অনুভূতির ছোঁয়া লাগায় যার পরপরই স্কুলের পক্ষ থেকে নতুন ও ক্ষুদে শিক্ষার্থীদের হাতে রঙিন ফুল তুলে দিয়ে অত্যন্ত স্নেহের সাথে বরণ করে নেওয়া হয়। শিশুরা ফুল পেয়ে আনন্দে মেতে ওঠে যা এই আয়োজনের অন্যতম এক আকর্ষণীয় মুহূর্ত ছিল।
এর পরেই আমন্ত্রিত অতিথিদের সামনে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীল ভাষায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ লিটন খান যিনি তার বক্তব্যে স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান শিক্ষকের এই অনুপ্রেরণামূলক বক্তব্যের পরপরই সম্মানিত সভাপতি এনায়েত করিম অন্যান্য বিশিষ্ট অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এবং আনন্দঘন পরিবেশে কেক কেটে নতুন শিক্ষাবর্ষের শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ফিতা কাটার সাথে সাথেই উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ হাততালি দিয়ে এই মুহূর্তটিকে বরণ করে নেন এবং এরপর অত্যন্ত সুচারু ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটির গতিশীলতা বজায় রাখেন অনুষ্ঠান সঞ্চালক সম্রাট বাবর। যার চমৎকার বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনা পুরো আয়োজনে এক আলাদা মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে সভাপতির আসনে আসীন থেকে অত্যন্ত সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন সভাপতি এনায়েত করিম যিনি তার বক্তব্যে বলেন যে এভারগ্রিন মডেল স্কুল কেবল একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয় বরং ঘাটাইল অঞ্চলে মানসম্মত আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ার এক আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তিনি অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন যে শিশুদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। সভাপতির এই দিকনির্দেশনামূলক বক্তব্যের পর দেশ জাতি এবং সদ্য যাত্রা শুরু করা এভারগ্রিন মডেল স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে সকলে হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান এবং সবশেষে একটি মনোজ্ঞ ও আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানটির সার্থক সমাপ্তি ঘটে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকবৃন্দের মতে ঘাটাইলের শিক্ষাঙ্গনে এই নতুন প্রতিষ্ঠানের আগমন প্রাথমিক শিক্ষার প্রসারে এক যুগান্তকারী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দীর্ঘস্থায়ী প্রভাব রাখবে।











