টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আজ রোববার (২৮ জুন) দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত মাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য উপজেলার সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।
ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছেন।











