রিমল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে অনুমোদনহীনভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার যমুনা নদী সংলগ্ন ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। অভিযানে সহযোগিতা করে ভূঞাপুর থানা পুলিশ ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। দণ্ডপ্রাপ্ত মো. হানিফ আলী নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের বাসিন্দা এবং সোহরাব আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি অনুমতি ছাড়াই নদীতে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।











