‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের ফুলি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ ও বিভিন্ন ধর্মীয় বই বিতরণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি খ. শাহবাজ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন ও ধর্মীয় বই তুলে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে মহৎ। আমি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
সভাপতির বক্তব্যে খ. শাহবাজ ইসলাম বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘সবার জন্য কাজ’ স্লোগানকে ধারণ করে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতা পেলে আগামীতেও আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামীম আল মামুন, যুগ্ম সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ সোহেল রানা এবং টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা।
বক্তারা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।











