মানিকগঞ্জের শিবালয় থানার অপহরণ মামলার ভিকটিম এক নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। এ সময় মামলার এজাহারনামীয় প্রধান আসামী মো. সাইফুল ইসলাম (২৫)কেও গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস দল ০৪ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত ভিকটিম রসনি আক্তার (১৬) কে উদ্ধার ও প্রধান আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে ধৃত আসামী প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং বিভিন্ন কুপ্রস্তাব দিত। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ১১টার দিকে ভিকটিম স্থানীয় দোকানের সামনে পৌঁছালে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ০৬ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–০৪)।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।











