নিজস্ব প্রতিবেদক: টাঙ্গইল জেলার ভূঞাপুরে ০৪জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দ এর ছেলে রবিউল, ভূঞাপুর থানার কোকাদাইর গ্রামের গোলাম হোসেন এর ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি থানার শামশৈল গ্রামের শামছুল হক এর ছেলে শাহ আলম এবং একই গ্রামের আঃ আজিজ এর ছেলে মাসুদ।

তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ঘরের তালা গ্রীল কাটার জন্য ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত হিসাবে পরিচিত।
ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গতকাল রাত ১০.৩০ ঘটিকার সময় ঘাটান্দি নতুনপাড়া জনৈক নজরুল ইসলামের বাড়ীর নিচতলায় গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে শলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহনকালে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া সংগীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করতে সক্ষম হন।
অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন জেলার থানায় ৫/৭টি করে ডাকাতি, দস্যূতা, চুরি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে জেল হাজতে প্রেরন করা হবে।











