টাঙ্গাইলের বাসাইলে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত শূন্য হাতে সরকার গঠন করেছি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার সময় দেশের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে ছিল যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। এ ছাড়া ৬১৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার টেন্ডার আগামী সপ্তাহেই হওয়ার কথা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াক। প্রধানমন্ত্রী সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করছেন। আমরাও মন্ত্রিপরিষদের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছি। শুক্রবার ও শনিবারও আমরা নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করি।’
দেশের অর্থনীতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সন্তান, ভাই, আত্মীয়স্বজন কিংবা পরিজন কেউ যেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এ জন্য শুধু সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; প্রয়োজন পুরো জাতির ঐক্য।’
বাসাইলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ি এবং বাসাইল উপজেলাকে আলোকিত করি। এ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আমি কাজ করতে চাই। প্রতিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সঙ্গে বসে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো জানব। সেগুলো সমাধানে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয় সরকারিকরণের বিষয়ে তিনি বলেন, ‘আপনারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করুন। আমি দ্রুত বিদ্যালয়টি সরকারিকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে হলে কথা বলব, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব। ইনশাআল্লাহ, বিদ্যালয়টি সরকারিকরণের বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, টাঙ্গাইলের সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ. কে. এম. মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানোয়ার হোসেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










