টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের সাজানপুর শাখা লক্ষ্য করে দুর্বৃত্তদের নিক্ষেপ করা চারটি ককটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ড ও ভবনের কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিসহ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











