টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাঁচবার প্রদক্ষিণ করে ম্যারাথন প্রতিযোগিতা শেষ করে।
এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর আনিছুর রহমান। চব্বিশ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ৩ আগস্ট টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে। এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মেডেল পরিয়ে দেওয়া হয়৷
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘এ ম্যারাথন আমাদের প্রতীকী৷ আমরা এভাবে দৌড়ে সামনের দিকে এগিয়ে যাবো৷ জুলাই বিপ্লবের স্পিড নিয়ে সবাই এ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দৌড়ে কাজ করবো।’











