টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতর আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছে প্রায় ২০ মিনিট শিশুটির পাশে অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কাছ থেকে চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান। শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। অন্যদিকে শিশুটির মা জানান, শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মানসিক ট্রমা এখনো পুরোপুরি কাটেনি। মাঝেমধ্যে শিশুটি জোরে চিৎকার করে ওঠে। এ সময় প্রতিমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এর আগে গত ৩১ অক্টোবর গভীর রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সে সময় তিনি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় নেওয়ারও আশ্বাস দেন তিনি। পরে তাঁর নির্দেশনায় গত ১ নভেম্বর দুপুরে অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকেই শিশুটির চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর ও তদারকি করছেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বড় কালীবাড়ি মোড়ে একটি মার্কেটের সিঁড়িতে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির চিৎকার ও বাধা দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখে আঘাত করেন। এ ঘটনায় শিশুটির মা টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের প্রায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।










