টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঠেকাতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক। সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়াসহ বিভিন্ন এলাকায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার থেকে মূল্যবান তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে রয়েছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরির কারণে এলাকার অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে বেশ কয়েকটি ট্রান্সফরমার ও এর মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে। এসব চুরি প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতেই মাইকিং করা হচ্ছে। কেউ চোরচক্রের সদস্যদের শনাক্ত করে ধরিয়ে দিতে সহযোগিতা করলে তাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগের এ উদ্যোগের মাধ্যমে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।











