শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে বলে অভিযোগ করেছেন সরকারদলীয় চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এর টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
তারা বলেন, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা ও রোগীদের বিদেশমুখী হতে বাধ্য করতে পরিকল্পিতভাবে স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।
সুরক্ষা আইন না থাকায় চিকিৎসকরা কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন জানিয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন,ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন, সদস্য সচিব ডা. মো. আবু হানিফ,টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান , সহকারী পরিচালক ডা. সাইফুর রহমান খান, শিক্ষক সমিতির সভাপতি ডা. এস এম রোকনুজ্জামান, সেক্রেটারি ডা. ফখরুল আমিন বাদল, আর পি ডা. নজরুল ইসলাম কনকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতাকর্মীরা।











