ইমাম হাসান সোহান: কৃষকদের মধ্যে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতের সম্প্রসারণ এবং আধুনিক ধান চাষ প্রযুক্তি জনপ্রিয় করার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত ধানের বীজ বিতরণ করা হয়েছে ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে ধনবাড়ী, টাঙ্গাইল এর আঞ্চলিক কার্যালয়ে ।
স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত ধানের বীজ বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইলের এসএসও ও প্রধান ড. মসউদ ইকবাল । বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, এবং বৈজ্ঞানিক সহকারী মো. আনিসুর রহমান ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ ক্ষেত্রে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ও এলাকাভিত্তিক উপযোগী ধানের জাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ বিতরণের পাশাপাশি এসব জাতের সঠিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা ও আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে ।
তাঁরা আরও বলেন, কৃষকের মাঠে নতুন উদ্ভাবিত ধানের জাত ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং কৃষকের আর্থিক লাভজনকতা নিশ্চিত করা সম্ভব । এ জন্য গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করা প্রয়োজন । বিতরণকৃত ধানের জাত সমূহ – ব্রি ধান৮৯, ব্রি ধান৯২, ব্রি ধান৯৬,ব্রি ধান১০১, ব্রি ধান১০২, ব্রি ধান১০৪, ব্রি ধান১০৫, ব্রি ধান১০৮, ব্রি ধান১১৩, ব্রি ধান১১৪, ব্রি ধান১১৫, ব্রি ধান১১৬, ব্রি ধান১১৭, ব্রি ধান১১৮, ব্রি হাইব্রিড ধান৮, ব্রি হাইব্রিড ধান১০ জাতের ১০ কেজি করে মোট ৮০ জন কৃষকের মাঝে ৮০ একর জমির জন্য ব্রি উদ্ভাবিত ধান বীজ বিতরণ করা হয়েছে ।
উল্লেখিত জাত সমূহের মোট ৮০০ কেজি ধান বীজ বিতরণ করা হয়েছে ।











