টাঙ্গাইলের ভূঞাপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রাজিব হোসেনের উদ্যোগে ভূঞাপুর পৌর শহরের অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের জন্য আনুষ্ঠানিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পুরো নভেম্বর মাস জুড়ে ধাপে ধাপে চলবে এই প্রশিক্ষণ কর্মসূচি। এ উদ্যোগের মাধ্যমে চালকদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, শিষ্টাচার এবং মৌলিক যান্ত্রিক জ্ঞান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক রাজিব হোসেন বলেন, “চালকদের প্রশিক্ষিত ও সচেতন করা গেলে সড়ক দুর্ঘটনা কমবে, শৃঙ্খলা ফিরবে সড়কে। তাই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।” প্রশিক্ষণের প্রথম দিনে শতাধিক অটো রিক্সা চালক অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দা ও চালকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সত্যিই একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ, যা অন্য পৌরসভাগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।











