টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের জয়ের আনন্দ উদ্যাপন করতে গিয়ে থ্রি-পিস পরিহিত অবস্থায় প্রকাশ্যে নেচে তোপের মুখে পড়েছেন এক বিএনপি নেতা।দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু নামের ওই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।তিনি গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রোববার মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।জানা গেছে,বিশ্বকাপে জাপানকে হারিয়ে ব্রাজিলের জয়ের পর ওই নেতা থ্রি-পিস পরে জনসমক্ষে নাচানাচি করেন।
সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।এ বিষয়ে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক হারুন অর রশিদ জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ওয়ার্ড সভাপতির পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।











