টাঙ্গাইলের ভূঞাপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান ও দীর্ঘদিন পলাতক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। গ্রেফতারকৃত আসামির নাম মো. আরিফ হোসেন (২৬)।
র্যাব-১৪, সিপিসি-৩ সূত্রে জানা যায়, মামলার এজাহার অনুযায়ী গত ২০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১২টার দিকে ভুক্তভোগী নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে স্পর্শ করে। ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর থানাকে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ১৩ জানুয়ারি ২০২৬ ভূঞাপুর থানায় মামলা নং-০৪ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল ১৭ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পূজেরপাড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান ও দীর্ঘদিন পলাতক আসামি মো. আরিফ হোসেন (২৬)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।










