টাঙ্গাইলে আদালত থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধাকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মামলার নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্তের বিরুদ্ধে। গত বছরের ২০ আগস্ট টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশে সিএনজি স্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী থানা পুলিশের কাছে কোন প্রতিকার চেয়েও পায়নি। ভুক্তভোগী বৃদ্ধার নাম আছিয়া বেগম (৭০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন আছিয়া বেগম টাঙ্গাইল জজ কোর্টে হাজিরা দিয়ে বিকাল ৫টার দিকে সিএনজি যোগে নিজের গ্রামের বাড়ি বল্লায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশে সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে ১ জন পুরুষ ও ৩ জন নারীসহ অজ্ঞাতনামা ৪ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আছিয়া বেগমকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এবং মাটিতে ফেলে দেয়। মারধরের একপর্যায়ে হামলাকারীরা তার কাছে থাকা নগদ তিন লাখ টাকা, এবং ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং তার সাথে থাকা মামলার জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
আহত আছিয়া বেগম ঘটনার পর তীব্র অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে পারিবারিকভাবে ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের শনাক্তকরণ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
ভুক্তভোগী আছিয়া বেগম বলেন, আমি এখন পর্যন্ত কোন বিচার পাইনি। আমি সঠিক বিচারের দাবি করছি।











