রিমল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শনিবার (১১ জুলাই) বিকেলে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান এবং কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার (সেলু), ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ছানোয়ার হোসেন খাঁ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার (ভুট্টো), পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজীব হোসেন কফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, পাশাপাশি দুই উপজেলার অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলোয়াড়রা সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে—এটাই প্রত্যাশা।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, এ ধরনের টুর্নামেন্ট জেলার ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনের পর অনুষ্ঠিত ম্যাচে ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ ও কালিহাতী উপজেলা ফুটবল একাদশ মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ভূঞাপুর। শেষ পর্যন্ত ৪-১ গোলের দাপুটে জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক, যা পুরো আয়োজনে উৎসবের আমেজ যোগ করে।











