রিমল তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় লোকেরপাড়া ইউনিয়নের পাঁচ টিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইজরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন পাঁচ টিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ নিয়াজ হায়দার, আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী সুলতানা জুঁইসহ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।










