রিমল তালুকদার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা সেতুতেও। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।
অন্যদিকে একই সময়ে ঢাকামুখী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেল পারাপারের জন্য দুই প্রান্তে পৃথক দুটি বুথও চালু রয়েছে।
সেতু এলাকায় যানজট এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেলেও যাতে ভোগান্তি না বাড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।











