টাঙ্গাইলের ধনবাড়ীতে ২২ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী গৃহবধূর পরিচয় হয় জোনায়েদ নামে এক যুবকের সঙ্গে। ওই যুবক অনলাইনে থ্রি-পিসের ব্যবসা করতেন। তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে পোশাক কেনার সুবাদে তাঁদের মধ্যে পরিচিতি ও সখ্যতা গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, নতুন থ্রি-পিসের কালেকশন এসেছে জানিয়ে গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে গৃহবধূকে ধনবাড়ী থানার কয়াপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় যেতে বলেন জোনায়েদ। তাঁর কথায় বিশ্বাস করে ওই গৃহবধূ সেখানে যান।
পরে ওই বাসায় আইয়ুব আলী ও হাসান আহম্মেদ নামে আরও দুই যুবক প্রবেশ করেন। একপর্যায়ে তিনজন মিলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহার অনুযায়ী, তাঁকে সারারাত আটকে রেখে নির্যাতনের পর ৩১ অক্টোবর ভোরে ছেড়ে দেওয়া হয়।
পরে ভুক্তভোগী বিষয়টি বাসার মালিক, স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের জানান। তাঁদের সঙ্গে আলোচনা করে তিনি ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।










