মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মার পাড়ের টি-বাঁধ এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) টি-বাঁধ থেকে শুরু করে বটতলা এলাকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে বহু অবৈধ দোকানপাট, ঘরবাড়ি ও একটি ক্লাব গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মার পাড়ের টি-বাঁধ এলাকার সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও ক্লাব নির্মাণ করা হয়েছিল। এতে যেমন সরকারি আইন অমান্য করা হয়েছে, তেমনি টি-বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে দখলকৃত এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের আগে থেকেই নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর কিছু ব্যক্তি নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নিলেও, অনেকে তা অমান্য করে ব্যবসা ও বসবাস চালিয়ে যাচ্ছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বুলডোজার ও এক্সকাভেটর (ভেকু) নিয়ে টি-বাঁধের বটতলা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় নোটিশ অমান্য করে রেখে দেওয়া সব ধরনের অবৈধ ঘরবাড়ি, দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জায়গা দখল করা একটি দণ্ডনীয় অপরাধ। টি-বাঁধের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। একই সাথে এলাকার বাকি অংশে যেসব দোকানপাট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো অবৈধভাবে রয়ে গেছে, সেগুলোকে অনতিবিলম্বে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সেগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











