টাঙ্গাইলে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ‘ফায়ারডিল’সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব সারাদেশে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল গত ২২ জুন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানাধীন গোলচত্বর এলাকায় যমুনা-ঢাকাগামী মহাসড়কে অভিযান চালায়।
এ সময় এস.আই এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা জয়পুরহাট জেলার বাসিন্দা মো. আব্দুর রহিম (৬৩)-কে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্য ও দেখানো মতে একটি বাঁশের ঝুড়ির ভেতর থেকে ৭০ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ‘ফায়ারডিল’ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ফায়ারডিল’ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।











