টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় সরকারি ওষুধ কালোবাজারি ও অবৈধভাবে মজুত করার অপরাধে মো: নিজাম উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আদালত।
সোমবার ট্রাইব্যুনালের আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়৷ দণ্ডপ্রাপ্ত উপজেলার কাজলা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ জুন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কাজলা বাজারে সুমাইয়া মেডিকেল দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা ৮ প্রকারের সরকারি ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা দায়ের করা হয়৷ রাসায়নিক পরীক্ষায় জব্দকৃত মালামাল সরকারি ওষুধ হিসেবে প্রমাণিত হয়। পরে পুলিশ আদালতে চার্জশীট জমা দেয়। পরর্ববতীতে সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারার এই সাজা প্রদান করেন।
রাষ্ট্রে পক্ষের আইনজীবী ছিলেন পিপি শফিকুল ইসলাম রিপন৷ আসামী পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ ওসমান গনী।











