“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনে এগিয়ে যাওয়ার প্রত্যয়”কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া প্রদর্শনী প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণামনস্কতা এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে উৎসাহিত করতে বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণার স্টল পরিদর্শন করেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











