রিমল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালাম তালুকদার (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার জগৎপুরা ও গোলপেচা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।
নিহত কালাম তালুকদার জগৎপুরা গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানান, গত ২২ এপ্রিল একটি দোকানে বাকিতে খাবার খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনায় দফায় দফায় সংঘর্ষের সময় একজন শিক্ষক গুরুতর আহত হন। এরপর থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও মুখোমুখি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, সংঘর্ষ চলাকালে গোলপেচা গ্রামের কয়েকজন ব্যক্তি কালাম তালুকদারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সময় গোলপেচা গ্রামের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।











