টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বেওলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর স্থানীয় নারীরা বনে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর জাতীয় উদ্যানের দক্ষিণে বেরিবাইদ ভিটের বল্লি বাগান এলাকায় প্রথমে কয়েকজন নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের সহায়তায় পুলিশকে বিষয়টি জানানো হয়।
প্রত্যক্ষদর্শী রসুলপুর এলাকার বাসিন্দা মুন্না ও তাইজ উদ্দিন জানান, বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘটনাটি শোনেন এবং ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান।
খবর পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছান অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল, এসআই বিমল চন্দ পাইন ও বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করে। পরনে খয়েরি রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।










