টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কাশিল ইউনিয়নের হাজী আব্দুল গফুর জমাদারের ছেলে রাজু জমাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।











