রিমল তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “পোল্ট্রি শিল্প ধ্বংসের চক্রান্ত রুখে দাও, বাজার সিন্ডিকেট ভেঙে দাও, উৎপাদিত ডিমের ন্যায্যমূল্য দিতে হবে”—এমন স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে পোল্ট্রি খামারিদের উদ্যোগে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ভূঞাপুর শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ডিম উৎপাদনের খরচ দিন দিন বাড়লেও বাজারে তার যথাযথ মূল্য পাচ্ছেন না খামারিরা। ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে খামার বন্ধ করে দিচ্ছেন, যা পোল্ট্রি শিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা অভিযোগ করেন, বাজারে একটি প্রভাবশালী সিন্ডিকেট ডিমের দাম নিয়ন্ত্রণ করছে, যার কারণে উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় দ্রুত বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থানে পোল্ট্রি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই খাতকে টিকিয়ে রাখতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।সভা থেকে ডিমের ন্যায্যমূল্য নির্ধারণ, বাজার মনিটরিং জোরদার এবং পোল্ট্রি শিল্প রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।











