টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত একটি মোবাইল কোর্টে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রবিউল আলমের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সকল ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অন্যদিকে অভিযুক্ত জামায়াত নেতা রবিউল আলম বলেন, “আমরা সকল ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছি। তবে ভুলক্রমে ও আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি।”
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।











