মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে “আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৫”।
সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (বিএএ)-এর সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, রিফ্রেশমেন্ট ও বিজনেস কেস প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আখতার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোস্তম আলী।
সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে একাডেমিক ভবন-৩ এর সামনে কেক কাটা শেষে গ্যালারি রুমে অনুষ্ঠিত হয় রিফ্রেশমেন্ট ও বিজনেস কেস প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
উক্ত আয়োজনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মো. আব্দুল কুদ্দুস।











