মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ভবনের ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আখতারুজ্জামান (১৮) মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
রোববার (২৮ জুন) গভীর রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রাজপাড়া থানা পুলিশ জানায়,আখতারুজ্জামানের পরিবার রাজপাড়া থানা এলাকার আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। গত দুই-তিন দিন ধরে তাঁর মা বাসায় ছিলেন না। রোববার রাতে বিদ্যুৎ না থাকায় তিনি ভবনের ছাদে ওঠেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুই ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন আখতারুজ্জামান। পরে স্বজনরা তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











