মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সম্মিলিত উদ্যোগে ক্যাম্পাসে চলাচলকারী রিকশাচালকদের নিয়ে প্রক্টর অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ক্যাম্পাসে শৃঙ্খলাবদ্ধ রিকশা সেবা নিশ্চিত করা, যাত্রীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়ার মাধ্যমে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় প্রধানত তিনটি বিষয় গুরুত্ব পায়। এগুলো হলো— দূরত্ব অনুযায়ী রিকশা ভাড়া নির্ধারণ, চালকদের জন্য আচরণবিধি ও নিয়মনীতি প্রণয়ন এবং প্রক্টর অফিসের মাধ্যমে রিকশার নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম চালু করা।
সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশদ্বার থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জন্য নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা হয়েছে। রিকশাগুলো নিবন্ধনের পর প্রতিটি রিকশায় নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে সংযুক্ত করা হবে, যাতে যাত্রীরা সহজেই ভাড়া সম্পর্কে জানতে পারেন।
এছাড়া, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় পুলিশের সমন্বয়ে নিয়মিত মনিটরিং পরিচালনা করা হবে। নির্ধারিত ভাড়া ও আচরণবিধি অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, অতি দ্রুত এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ক্যাম্পাসে রিকশা সেবায় শৃঙ্খলা ফিরবে এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল যাত্রী ন্যায্য ভাড়ায় সেবা পাবেন।











