টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে। সবসময় যারা তার পাশে থেকে সহযোগিতা করেছেন, সেই সকল সাংবাদিকদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভাই হিসেবে সবসময় সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করছি। আপনাদের সহযোগিতায় আমরা একটি আধুনিক টাঙ্গাইল গড়তে চাই, যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান থাকবে না। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ ও সহাবস্থানের একটি টাঙ্গাইল গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময়কালে তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। ওইদিন বিকাল ৪টায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন। এ কর্মসূচিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন টুকু।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে তিনি সর্বদা পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











