টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ১১টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। অভিযানে প্রতিটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক আবু জাফর উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ওষুধ রাখার প্রমাণ পাওয়ায় ১১টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে পারে।











