মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’-এ ‘মানবতা সেবা’ ক্যাটাগরিতে সম্মাননা পেলেন মানুষের কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারুল মাহবুব খান।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে আয়োজিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’ ও কালচার ফেস্টিভ্যালে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এ সময় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
‘মানবতা সেবা’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়ে মানুষের কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারুল মাহবুব খান জানান, এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণার। এ অর্জনের পেছনে আমার সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের অবদান রয়েছে। আমি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও মানব সেবায় এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।











