টাঙ্গাইলের ভূঞাপুরে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এলেঙ্গা-তারাকান্দি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, ভূঞাপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে উপজেলা শাখার সভাপতি সাজেদুজ্জামান খান হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রাশিদুল ইসলাম রাশেদ। এ সময় হাফিজুর রহমান মিস্টার, মো. জাহাঙ্গীর হোসেন আবির, মো. মোতালেবসহ উপজেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও ফার্মেসি সংশ্লিষ্টদের স্বার্থের পরিপন্থী। তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের মতো সমিতির সম্পৃক্ততা বজায় রাখার দাবি জানান তাঁরা।
আয়োজকরা জানান, একই দাবিতে সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে ভূঞাপুর উপজেলার সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার কথাও জানান তাঁরা।











