টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে গোল্ড কাপ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমাদুল হাসান । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান বলেন,“লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার উঠে আসবে তারা দেশের নাম উজ্জ্বল করবে।”খুদে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
ঘাটাইল উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান তালুকদার,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলালসহ খেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের ফাইনাল আয়োজন। বালক ও বালিকা উভয় বিভাগের চ্যাম্পিয়ন দল তাদের দৃষ্টিনন্দন পারফরম্যান্সের মাধ্যমে সবার মন জয় করে নেয়। এ ধরনের আয়োজন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচেতনা, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলায় ২-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে বালক বিভাগের খেলায় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হয় খায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।











