টাঙ্গাইল-৫ (সদর) আসনের (হরিণ) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরহাদ ইকবাল অভিযোগ করেন, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের দুলাল মোড় ও মালতীপাড়া এলাকায় তার নির্বাচনী প্রচারণা চলাকালে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে তার গাড়িবহরের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কর্মী আজগর আলী ও কামরুল মোল্লার প্রত্যক্ষ নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়।
তিনি আরও বলেন, হামলায় উজ্জ্বল, মজনু মৃধা, আব্বাস মৃধা, রেজাউল, শুভ, শাকিল, আবুতালেব, আসলাম, শাহাদাৎ, মোহাম্মদ, তারিবুল্লাহ, মসলেম, মধু স্বর্ণকার, সাহাব উদ্দিন, মিন্টু মেম্বারসহ আনুমানিক ৩০-৪০ জন সন্ত্রাসী অংশ নেয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং তাকে ও তার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় তার সঙ্গে থাকা আরিফ, বেল্লাল, আবদুল্লাহ, আবু তালেব, রাসেদ, ইব্রাহিম, মাসুদ, হানিফ ও মিজান গুরুতর আহত হন বলে জানান তিনি। ঘটনার পর প্রশাসনকে অবহিত করা হলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরহাদ ইকবাল বলেন, এই হামলা শুধু তার ওপর নয়, বরং একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি আঘাত। এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন ও গুরুতর ফৌজদারি অপরাধ। তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলীম, সাবেক সহ-সভাপতি সাদেকুল হক সেলিম, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর আ. রাজ্জাক, মগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তম, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।











