টাঙ্গাইলের ভূঞাপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের কাজে বাধা, মোবাইল ফোন কেড়ে নেওয়া, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পরিবার কল্যাণ পরিদর্শক ফরিদাকে অবশেষে বদলি করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মীর সাজেদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক ফরিদাকে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি করা হয়েছে। একই সঙ্গে অলোয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক হোসনে আরাকে গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পদায়ন করা হয়েছে।
বদলির আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৭ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।
এর আগে গত ১৮ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভূঞাপুর প্রতিনিধি কোরবান আলী তালুকদার। অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহের সময় ভিডিও ধারণ করায় স্বাস্থ্য পরিদর্শিকা ফরিদা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সাংবাদিকের অসুস্থ মাকে নিয়েও অশালীন মন্তব্য করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ফরিদা সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম জানান, ঘটনার তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতেই পরিবার কল্যাণ পরিদর্শক ফরিদার বদলির আদেশ জারি করা হয়েছে।











