টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি ক্ষুদে শিক্ষার্থী অনয়া সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ লোকগীতি বিভাগে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন। গতকাল (১৫ জুলাই) বুধবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনয়া সরকারের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) তুলে দেন। অনয়া সরকার (১১) কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, অনয়া সরকার সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি এলাকার শংকর সরকার ও তুলি সরকার দম্পতির সন্তান। শংকর সরকার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল টেকনোলজিসট হিসেবে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে কর্মরত রয়েছে।
অনয়া সরকারের পিতা শংকর সরকার বললেন, আমার ছোট বেলায় বাবা মারা যাওয়াতে আমার বড় বোন টাকার অভাবে গান সঠিকভাবে শিখতে পারে নাই। আমার বোনের এবং আমার পরিবারের সদস্যদের স্বপ্ন ছিলো অনয়াকে পড়াশোনার পাশাপাশি গান শিখানো। আমার সখিপুর বাসীর কাছে আমার সন্তান অনয়ার জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি ও যেনো মানুষের মতো মানুষ হতে পারে।
বিশেষ করে আমার সন্তানের কৃতিত্বের সিংহভাগ অবদানই আমার স্ত্রী তুলি সরকার এবং অনয়ার গানের শিক্ষক অশোক কুমার বিশ্বাসের। উনাদের সার্বিক দিকনির্দেশনায় ও অনুপ্রেরণায় আমার সন্তান কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আজকে লোকগীতিতে দেশ সেরা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। আমি ও আমার স্ত্রী অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত হয়েছি, অনেক গর্বিত হয়েছে। আমার সন্তান আমার সখিপুরবাসীর সম্মান বৃদ্ধি করেছে, আমাদের সম্মান বৃদ্ধি করেছে।











