রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাত্র ১০ টাকার আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। প্রতিদিন ঠেলাগাড়ি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষার্থী ও দর্শনার্থীদের কাছে আইসক্রিম বিক্রি করেন তিনি। প্রখর রোদ কিংবা বৈরী আবহাওয়াও থামাতে পারে না তাঁর জীবিকার সংগ্রাম।
আইসক্রিম বিক্রেতা জানান, প্রতিটি কোন আইসক্রিমের দাম মাত্র ১০ টাকা। তিনি বলেন, আইসক্রিম প্রস্তুত ও সংরক্ষণের কাজে সাবমার্সিবল (গভীর নলকূপের) পানি ব্যবহার করা হয়, যাতে নিরাপদ পানি নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার টাকা আয় হয়। তবে আবহাওয়া, শিক্ষার্থীদের উপস্থিতি এবং মৌসুমভেদে বিক্রি কম-বেশি হয়ে থাকে। গরমের দিনে বিক্রি তুলনামূলক বেশি হলেও বৃষ্টি কিংবা বিশ্ববিদ্যালয়ের ছুটির সময়ে বিক্রি কমে যায়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, টুকিটাকি চত্বর ও বিনোদন এলাকাগুলোতে শিক্ষার্থীদের ভিড় থাকলেই তাঁর আইসক্রিমের বিক্রিও বেড়ে যায়। স্বল্পমূল্যের কারণে শিক্ষার্থীদের কাছে ১০ টাকার এই আইসক্রিম বেশ জনপ্রিয়।
একটি ছোট ঠেলাগাড়ি, কয়েকটি কোন আইসক্রিম ও একটি ঘণ্টা—এই সামান্য পুঁজি নিয়েই প্রতিদিন জীবিকার চাকা সচল রাখার চেষ্টা করছেন তিনি। তাঁর মতো অসংখ্য ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীর নিরলস পরিশ্রম দেশের অনানুষ্ঠানিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।











