টাঙ্গাইলের মধুপুরের শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্বাস আলী (৩০) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) তারিখ বিকাল সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল সদর থানার কলেজপাড়া চৌরাস্তা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৯ এপ্রিল) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ এপ্রিল বিকাল অনুমান সোয়া পাঁচটার দিকে ৬ বছরের শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করার সময় মোঃ আব্বাস আলী ভিকটিম ফাতেমাকে জুস কিনে দেয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী বাজারে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মধুপুর থানায় ১১ এপ্রিল নিখোঁজ ডায়েরি করেন। থানা পুলিশের পাশাপাশি পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনার পরের দিন ১২ এপ্রিল সকালে ভিকটিমের চাচার বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ভিকটিমের লাশ দেখতে পেয়ে বাড়িতে সংবাদ দেয়। উক্ত সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন।
ধৃত সহ এজাহারনামীয় আসামিরা নিহত শিশু ফাতেমাকে গলায় লাইলনের কালো কট সুতা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য ভিকটিমের পায়জামা ও জুতা আগুনে পুড়িয়ে গলিত অংশ মুখ মন্ডল ও গলায় দিয়ে লাশ বিকৃত করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে টাঙ্গাইল মধুপুর থানায় ভিকটিমের মা বাদী হয়ে ১২ এপ্রিল মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব -১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প আসামিদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই প্রেক্ষিতে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে মোঃ আব্বাস আলীকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











