টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কবির হোসেন (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, কবির হোসেন এক স্কুলছাত্রীর বোরকা ধরে টান দেওয়াসহ অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলে তাকে উত্যক্ত করেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের সামাজিক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।











