টাঙ্গাইলের দেলদুয়ারে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ মোঃ আনোয়ার হোসেন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল দেলদুয়ার থানাধীন ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে র্যাব নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় পাকা সড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা মোঃ আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুলবক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন। পরে তিনি টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় এসব মাদক বিক্রি ও সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন টাঙ্গাইল জেলার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।










