টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল। এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন মেজর কাওছার বাঁধন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল।

তিনি জানান, র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এর সার্বিক নির্দেশনায় টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১০টি বিশেষ টহল দল মোতায়েন করা হয়। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে জেলার ১২টি উপজেলার গুরুত্বপূর্ণ নোডাল পয়েন্টে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হয়েছে।
টহল কার্যক্রমের আওতায় রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, ঘারিন্দা বাইপাস, করটিয়া বাইপাস, পাকুল্ল্যা বাইপাস, মির্জাপুর বাইপাস, বাসাইল বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য বলে জানান তিনি।
র্যাব ফোর্সেসের মহাপরিচালকের নির্দেশনায় নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রোবাস্ট পেট্রোলিং, নিয়মিত টহল টিম ও গোয়েন্দা টিম মাঠে সক্রিয় রয়েছে। এছাড়া নির্বাচন ডিউটি উপলক্ষে মধুপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সেখান থেকেও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মেজর কাওছার বাঁধন আরও বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা, প্রচার-প্রচারনা কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে র্যাব সর্বদা প্রস্তুত রয়েছে। এ কার্যক্রম নির্বাচনকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্টর্স ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।











