ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের করা শালিকাকে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ সাঈদ হাসান সেতু (২৬)কে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ভিকটিমের পূর্বপরিচিত এবং সম্পর্কে চাচাত দুলাভাই। সে ওই সুবাদে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। ভিকটিম প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত নানা কৌশল অবলম্বন করে।
অভিযোগ রয়েছে, গত বছরের ২৫ মার্চ রাতে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার ধর্ষণের ফলে ভিকটিম ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফুলপুর থানা-য় গত ২৪ জানুয়ারি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











