গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় দায়ের করা স্কুলছাত্রী অপহরণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার বাসিন্দা মো. ফজলে রাব্বী (২০)। র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকটিমের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। গত ১১ জুন ২০২৬ এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে অভিযুক্ত তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৩, তারিখ ১ জুলাই ২০২৬।
র্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিল। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের গোয়েন্দা দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত এবং গ্রেফতারে তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার মূল অভিযুক্ত মো. ফজলে রাব্বীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।











